গাজীপুরের শ্রীপুর উপজেলার কে এন উচ্চ বিদ্যালয়ের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় আজ রবিবার বেলা ১১টায় হাবিবুর বাশার (৩৪) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। হাবিবুর বাশার উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের খায়রুল প্রধানের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, প্রায় চার বছর ধরে কাওরাইদ বাজারে ফার্মেসী আছে হাবিবুর বাশারের। শনিবার ৪ ডিসেম্বর রাত ১০টায় বাড়ি না ফেরায় তার বাবা বাজারে এসে দেখেন, দোকান খোলা। এ সময় হাবিবুরের মোবাইল ফোনে কল করলে তা রিসিভ হয়নি। পরে রাত ১২টা পর্যন্ত দোকানে অপেক্ষা করে বাড়ি ফিরে আসেন। রবিবার সকালে স্থানীয় এক ব্যক্তি গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বাজারে খবর দেয়। হাবিবুরের বাবা এসে লাশ শনাক্ত করেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) কামরুল হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।